সামনেই বড় পরীক্ষা। বইয়ের পাহাড় আর ভবিষ্যতের চিন্তা—সব মিলিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে এখন তুঙ্গে মানসিক চাপ। শুধু কঠোর পরিশ্রমই নয়, পড়াশোনায় মন বসাতে এবং একাগ্রতা বাড়াতে পড়ার ঘরের পরিবেশও হওয়া চাই ইতিবাচক। বাস্তুশাস্ত্র বলছে, পড়ার ঘরের সঠিক বিন্যাস স্মৃতিশক্তি প্রখর করতে এবং নেতিবাচক শক্তি দূর করতে ম্যাজিকের মতো কাজ করে।
সাফল্য পেতে পড়ার ঘরে যে নিয়মগুলো মেনে চলা জরুরি:
১. রঙের জাদুতে স্মৃতিশক্তি: বাস্তুমতে, পড়াশোনার ঘরের জন্য সবুজ রং অত্যন্ত শুভ। সবুজ হলো ‘বুধ’ গ্রহের প্রতীক, যা বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধির কারক। ঘরের দেওয়ালে হালকা সবুজ রং করলে মন শান্ত থাকে। দেওয়ালে রং করা সম্ভব না হলে একটি সবুজ টিয়া পাখির ছবি বা প্রাকৃতিক দৃশ্যের ছবি লাগাতে পারেন।
২. টেবিল রাখার সঠিক দিক: পড়ার টেবিল সবসময় ঘরের উত্তর-পূর্ব (ঈশান কোণ), পূর্ব অথবা উত্তর দিকে রাখা উচিত। তবে খেয়াল রাখবেন, টেবিল যেন দেওয়ালের সাথে একেবারে সেঁটে না থাকে; দেওয়াল থেকে সামান্য দূরত্ব বজায় রাখলে শক্তির প্রবাহ বজায় থাকে। বইয়ের র্যাক রাখার জন্য দক্ষিণ বা পশ্চিম দিক আদর্শ।
৩. টেবিলে যা রাখা জরুরি: একাগ্রতা বাড়াতে স্টাডি টেবিলের ওপর ছোট গণেশ মূর্তি বা দেবী সরস্বতীর ছবি রাখতে পারেন। এছাড়া একটি ছোট গ্লোব বা তামার পিরামিড রাখলে ঘরের নেতিবাচক এনার্জি দূর হয়।
৪. ময়ূরপুচ্ছের ম্যাজিক: স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে পড়ার টেবিলে বা বইয়ের ভাঁজে একটি ময়ূরপুচ্ছ রাখা অত্যন্ত ফলদায়ক। এটি বুধ গ্রহকে শক্তিশালী করে বলে মনে করা হয়, যা পড়াশোনায় শুভ প্রভাব ফেলে।
৫. সুগন্ধি ও পরিচ্ছন্নতা: অগোছালো ঘর নেতিবাচকতা তৈরি করে। তাই পড়ার জায়গা সবসময় পরিষ্কার রাখুন। ঘরে পজিটিভ ভাইব তৈরি করতে মাঝে মাঝে গোলাপ বা চন্দনের ধূপ জ্বালাতে পারেন।
মনে রাখবেন: বাস্তু আপনাকে মানসিক শক্তি ও ইতিবাচক পরিবেশ দেবে, কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি হলো আপনার নিরলস পরিশ্রম ও অধ্যাবসায়।