মহাশিবরাত্রি ২০২৬: হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে ‘মাসিক শিবরাত্রি’ বলা হয়। কিন্তু ফাল্গুন মাসের এই বিশেষ তিথিটি কেন ‘মহাশিবরাত্রি’ নামে পরিচিত? কেন এটি বছরের অন্যান্য শিবরাত্রির চেয়ে আলাদা? ২০২৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিকেল ৫:০৪ মিনিটে শুরু হয়ে এই পুণ্য তিথি চলবে ১৬ই ফেব্রুয়ারি বিকেল ৫:৩৪ মিনিট পর্যন্ত। এর নেপথ্যে লুকিয়ে আছে পৌরাণিক, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গভীরতা।
শিব ও শক্তির মহাজাগতিক মিলন পৌরাণিক আখ্যান অনুসারে, এই দিনটি হলো দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহের শুভ লগ্ন। দীর্ঘ কঠোর তপস্যার পর এই তিথিতেই হিমালয় কন্যা পার্বতী শিবকে পতি রূপে লাভ করেছিলেন। এটি কেবল একটি বিবাহ নয়, বরং বৈরাগ্য ও গার্হস্থ্য জীবনের ভারসাম্যের প্রতীক। এদিন শিব ও শক্তির মিলনে প্রকৃতি পূর্ণতা পায়, যা অন্য মাসিক শিবরাত্রিতে লক্ষ্য করা যায় না।
জ্যোতির্লিঙ্গের আবির্ভাব ও আলোর বিজয় অন্য এক বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ রাতেই মহাদেব প্রথম ‘জ্যোতির্লিঙ্গ’ রূপে প্রকট হয়েছিলেন। যার আদি বা অন্ত খুঁজে পাননি স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণু। এই দিনটি অন্ধকার ও অজ্ঞতার বিনাশ ঘটিয়ে জ্ঞানের আলো প্রতিষ্ঠার প্রতীক। এ কারণেই মহাশিবরাত্রিকে ‘সিদ্ধরাত্রি’ বলা হয়, যেখানে ভক্তের প্রার্থনা সরাসরি মহেশ্বরের চরণে পৌঁছায়।
বৈজ্ঞানিক ব্যাখ্যা ও মহাজাগতিক শক্তির প্রবাহ আধ্যাত্মিকতার পাশাপাশি মহাশিবরাত্রির একটি জোরালো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধ এমন এক অবস্থানে থাকে, যার প্রভাবে মানুষের শরীরের প্রাকৃতিক শক্তি বা কুণ্ডলিনী শক্তি স্বতঃস্ফূর্তভাবে উপরের দিকে প্রবাহিত হতে চায়। এই মহাজাগতিক শক্তির পূর্ণ সদ্ব্যবহার করতেই এই রাতে জেগে থেকে মেরুদণ্ড সোজা করে ধ্যানে বসার বিধান দেওয়া হয়েছে। বছরের অন্য কোনো শিবরাত্রিতে প্রাকৃতিক শক্তির এই প্রবল জোয়ার দেখা যায় না।
তাণ্ডব ও সৃষ্টি-ধ্বংসের চক্র মনে করা হয়, এই রাতেই শিব তাঁর মহাপ্রলয়ংকারী ‘তাণ্ডব’ নৃত্য পরিবেশন করেছিলেন, যা সৃষ্টি, স্থিতি ও লয়ের চক্রকে নিয়ন্ত্রণ করে। তাই এই রাতে আধ্যাত্মিক সাধনা করলে অন্য দিনের তুলনায় বহুগুণ বেশি সুফল পাওয়া যায়। এটি নিজের ভেতরের ক্রোধ, লোভ ও মোহকে বিসর্জন দিয়ে আত্মিক মুক্তির পথ প্রশস্ত করার এক অনন্য সুযোগ।